ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যুবকের কোদালের কোপে নিহত ৩, এলাকায় আতঙ্ক

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের আকস্মিক হামলায় একই গ্রামের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আজগর মোল্লার বাড়ির উঠানে অবস্থান করছিলেন ভুক্তভোগীরা। এসময় আকাশ (২৮) নামের এক যুবক অতর্কিতে কোদাল নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)।

হামলায় গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আকাশ ওই গ্রামেরই বাসিন্দা এবং তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলোর সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘাতককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।