টানা অতিভারী বর্ষণ আর উজানের ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগাম বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যে নেত্রকোনা ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়েছে। নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাতেও যেকোনো সময় বড় ধরনের প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনার ভুগাই-কংশ, সোমেশ্বরী ও মগড়া নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যদিকে মৌলভীবাজারের মনু নদীর পানিও বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। কেবল নেত্রকোনার নদীগুলোই নয়, সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় এক থেকে দেড় মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সিলেট অঞ্চলের জন্য অশনিসংকেত।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দেশের আট বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই দীর্ঘমেয়াদী বর্ষণের ফলে নদ-নদীগুলোর ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পাহাড়ি ঢলের তীব্রতা বাড়লে নিম্নাঞ্চলের জনপদ ও ফসলি জমি স্থায়ীভাবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক করেছে যে, বর্তমানে প্লাবিত হওয়া দুই জেলা ছাড়াও পার্শ্ববর্তী তিন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।