গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আন্দোলনের অংশ হিসেবে দেশের ছয়টি বিভাগে বড় ধরনের সমাবেশের কর্মসূচি চূড়ান্ত করেছে লিয়াজোঁ কমিটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে আন্দোলনের এই নতুন রূপরেখা ঘোষণা করা হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে এই রাজনৈতিক তৎপরতা শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রামে দ্বিতীয় বিভাগীয় সমাবেশ করবে জোটটি।
আন্দোলনের পরবর্তী ধাপে ২৭ জুন ময়মনসিংহ এবং ১১ জুলাই রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ জুলাই বরিশাল এবং সবশেষে ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশের মাধ্যমে এই দফার কর্মসূচি শেষ হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, গণভোটের দাবিকে জনদাবিতে রূপান্তর করতেই বিভাগীয় শহরগুলোকে বেছে নেওয়া হয়েছে।
লিয়াজোঁ কমিটির বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, দাবি আদায়ে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে ১১ দল।