ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে ছোট ভাইকে খুনের পর ভিডিও কলে মরদেহ দেখালেন বড় ভাই

ইতালির লেইজ শহরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ভিডিও কলে দেশের স্বজনদের ভাইয়ের নিথর দেহ দেখিয়ে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত হুমায়ুন ফকির।

নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের সন্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরই মধ্যে ইতালির পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন ফকিরের প্রথম স্ত্রীকে তালাক দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে নয়নকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই হুমায়ুন বাংলাদেশে তার পরিবারকে ভিডিও কল দেন। স্ক্রিনে ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই হুমায়ুনকে হেফাজতে নেয়।

জানা গেছে, হুমায়ুন ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। গত বছর তার মাধ্যমেই ছোট ভাই নয়ন সেখানে গিয়েছিলেন। তবে ভাইয়ের হাতেই ভাইয়ের এমন মৃত্যুতে নিহতের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, প্রবাসে ভ্রাতৃঘাতী এই ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।