মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক শ্রমিক এতে অংশ নেন। অংশগ্রহণকারী শ্রমিকরা লাল ফিতা মাথায় বেঁধে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আজম মাদবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইদ্রিস মাদবর, কাশেম মাদবর, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন সরদার, কার্যকরী সভাপতি বাদসা আকন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, সাবেক দপ্তর সম্পাদক মকবুল বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজিত র্যালিতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।