বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে শিগগিরই বদলি প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ কার্যক্রমও দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (১ মে) চাঁদপুরের কচুয়ায় উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও ‘মিড-ডে মিল’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে মন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা খাতকে ঢেলে সাজানো হচ্ছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এসময় স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।