ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কতা: ৪ মে পর্যন্ত তান্ডবের আশঙ্কা

সারা দেশে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলমান এই বৈরী আবহাওয়া আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১ মে) রাত থেকে শনিবার (২ মে) সকাল পর্যন্ত সময়ের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়, দেশের সব কটি বিভাগের ওপর দিয়ে পর্যায়ক্রমে বজ্রঝড় অতিক্রম করার জোরালো সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে রাত থেকেই কালবৈশাখীর তৎপরতা শুরু হয়েছে। ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোতে ভোরের মধ্যে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও পার্বত্য জেলাগুলোতে রাত ২টার পর থেকে বৃষ্টির বেগ বাড়তে পারে। খুলনা ও বরিশাল বিভাগেও ভোররাত থেকে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ পলাশ জানান, সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও একই সময়ে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে ৫ মে থেকে সারা দেশে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্য হারে কমে আসার সম্ভাবনা রয়েছে।

বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ কিংবা জলাশয় থেকে দূরে থাকতে এবং গাছতলায় আশ্রয় না নিতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।