ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে একই পরিবারের ৪ মৃত্যু: লাশে মিললো মরফিন, ঘনীভূত হচ্ছে রহস্য

ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ফরেনসিক বিভাগ। প্রাথমিকভাবে বিষাক্ত তরমুজ খাওয়ার গুজব ছড়ালেও ময়নাতদন্তের পর তদন্তের মোড় ঘুরে গেছে।

শুক্রবার (১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মৃত ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়ার (৪৫) শরীরে শক্তিশালী ব্যথানাশক ‘মরফিন’-এর উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া মৃতদের মস্তিষ্ক ও হৃদযন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গ সবুজাভ রঙ ধারণ করেছে।

চিকিৎসকদের মতে, সাধারণ খাদ্যে বিষক্রিয়ায় অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এভাবে বিবর্ণ হওয়া অস্বাভাবিক। গত শনিবার রাতে পরিবারের সবাই মিলে মাটন পোলাও এবং পরে তরমুজ খেয়েছিলেন।

ভোররাত থেকে বমি ও ডায়রিয়া শুরু হলে আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই কিশোরী মেয়ে জয়নাব ও আয়েশার মৃত্যু হয়। তবে ওই রাতের অনুষ্ঠানে আসা অতিথিরা একই খাবার খেলেও তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, মৃত্যুর পেছনে তরমুজের সরাসরি কোনো ভূমিকা এখনো মেলেনি। আবদুল্লাহর শরীরে মরফিন কীভাবে এলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ বর্তমানে নিহতের পরিবারের মানসিক অবস্থা ও পূর্বের কোনো চিকিৎসার ইতিহাস খতিয়ে দেখছে। চূড়ান্ত ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় থাকা এই ঘটনাটি এখন নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে চলছে কাটাছেঁড়া।