ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ম পে-স্কেলের দাবিতে নতুন কর্মসূচি: ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির সম্ভাবনা

সরকারি চাকরীজীবীদের দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মে মাসজুড়ে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ মে পটুয়াখালী ও ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৬ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে চূড়ান্ত দাবি জানানো হবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে নিম্ন গ্রেডের কর্মচারীরা ঋণের দায়ে জর্জরিত। বর্তমান বেতনে ১০-১৫ দিনের বেশি চলা অসম্ভব হয়ে পড়েছে। ফলে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রেখে পে-স্কেল বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুনর্গঠিত বেতন কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। সেখানে আর্থিক চাপ সামলাতে কয়েকটি ধাপে পে-স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই মূল বেতন বৃদ্ধির মাধ্যমে প্রথম ধাপ কার্যকর হতে পারে।

প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হতে পারে। সব মিলিয়ে তাদের মোট বেতন ৪১ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে এখন প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন সংশ্লিষ্টরা।