হজযাত্রীদের পবিত্র সৌদি আরবে অবস্থানকালীন চলাচল আরও সহজ করতে ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) সেবা চালু করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। এর ফলে এখন থেকে হজযাত্রীরা কাগজের পাসপোর্ট ছাড়াই দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এই ডিজিটাল পরিচয়পত্রটি একটি স্বীকৃত সরকারি দলিল হিসেবে গণ্য হবে। এটি চালুর মূল লক্ষ্য হলো হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমিয়ে স্বস্তি আনা।
নতুন এই সুবিধা পেতে হজযাত্রীদের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Absher’-এ নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর সংগৃহীত ডিজিটাল পরিচয়পত্রটি ব্যবহার করে তারা সৌদির ভেতরে বিভিন্ন স্থানে যাতায়াত ও অবস্থান করতে পারবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, হজযাত্রীদের আর সবসময় সাথে করে মূল পাসপোর্ট বহন করার ঝুঁকি নিতে হবে না। এতে পাসপোর্ট হারানো বা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকা যাবে, যা বিদেশি অতিথিদের জন্য একটি বড় নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, সৌদি গেজেট সূত্রে প্রাপ্ত এই তথ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্মার্ট করার পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।