প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে রাজকীয় দিন শেষ হলো। সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণের সুবিধা বাতিল করেছে সরকার। এখন থেকে আকাশপথে বিদেশযাত্রায় তাদের জন্য ইকোনমি ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এই সংক্রান্ত একটি জরুরি আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ২৯ এপ্রিলের এক চিঠির পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নিল অর্থ বিভাগ।
আদেশে স্পষ্ট করা হয়েছে, শুধু সরকারি মন্ত্রণালয় নয়, বরং স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারাও এই নতুন নিয়মের আওতায় পড়বেন। ২০১২ সালের প্রচলিত বিদেশ ভ্রমণ নীতিমালার সুযোগ-সুবিধা সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ) সংশোধন করে এই নতুন কড়াকড়ি আরোপ করা হলো।
★ প্রশাসনের শীর্ষ পর্যায়ে খরচের লাগাম টানতে এমন নজিরবিহীন সিদ্ধান্ত আগে দেখা যায়নি।
মাঠপর্যায়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অভ্যন্তরীণ ব্যয় সাশ্রয় নিয়ে সরকারের ওপর চাপ বাড়ছে। সেই প্রেক্ষাপটে আমলাতন্ত্রের উচ্চস্তরের সুযোগ-সুবিধা কর্তন একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। আদেশে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির।
সচিবালয় সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই আদেশের ফলে সরকারি সফরে বড় অংকের খরচ বেঁচে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।
বিলাসবহুল ভ্রমণের এই কাটছাঁট প্রশাসনের অন্যান্য স্তরেও প্রভাব ফেলে কি না, এখন সেটিই দেখার বিষয়।