ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৩৮ মুসলিম প্রার্থীর জয়

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের দাপট অব্যাহত রয়েছে। এবারের নির্বাচনে বিভিন্ন দল থেকে মোট ৩৮ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন, যাদের বড় অংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের। বিপরীতে, প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি কোনো মুসলিম প্রার্থী দেয়নি।

কলকাতার গুরুত্বপূর্ণ আসনগুলোতে ফিরহাদ হাকিম ৫৬ হাজার ও আব্দুল খালেক মোল্লা রেকর্ড ৮৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কসবা থেকে আবারও জয় পেয়েছেন প্রবীণ নেতা আহমেদ জাভেদ খান।

তৃণমূলের দাপটের মাঝেও নজর কেড়েছেন আইএসএফ-এর নওসাদ সিদ্দিকী।

মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেলেও রেজিনগর ও নওদা কেন্দ্রে জয় পেয়েছেন এজেইউপি প্রার্থী হুমায়ুন কবীর। উত্তর ২৪ পরগনা ও উত্তরবঙ্গের মালদা-দিনাজপুর অঞ্চলেও ঘাসফুল শিবিরের জয়জয়কার দেখা গেছে।

তৃণমূলের বাইরে বিরোধী কণ্ঠস্বর হিসেবে বিধানসভায় জায়গা করে নিয়েছেন কংগ্রেসের মাহাতাব শেখ ও জুলফিকার আলি। এছাড়া ডোমকল কেন্দ্র থেকে বাম শিবিরের একমাত্র মুসলিম প্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান রানা। বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ভোটব্যাংকের এই সংহতি তৃণমূলকে বড় ব্যবধানে এগিয়ে নিতে মূল ভূমিকা পালন করেছে।