ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (০৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় চলন্ত গাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলায় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরে হলেও তিনি মধ্যমগ্রামে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত চন্দ্রনাথ ভবানীপুর উপনির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। তবে ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।