সার্ভার ও স্টোরেজ সিস্টেমের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (০৭ মে) টানা ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আজ বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এই সময়ে ব্যবহারকারীরা নতুন করে রেজিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো সেবা গ্রহণ করতে পারবেন না।
রাত ৯টার পর থেকে ডিজিটাল এই সেবা পুনরায় স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জ্বালানি বিভাগ জানিয়েছে, সিস্টেমের নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জরুরি প্রয়োজনে রাত ৯টার পর বা পরবর্তী দিন সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা আনতে গত ৯ এপ্রিল কিউআর কোডভিত্তিক এই ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়, যা বর্তমানে মোটরসাইকেল চালকদের জন্য বাধ্যতামূলক।