ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নিখোঁজ কুমিল্লার শ্রমিকের মরদেহ ডাম্পারে উদ্ধার, হত্যার অভিযোগ

কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় নিখোঁজের একদিন পর একটি নির্মাণাধীন ভবনের ময়লা ফেলার ডাম্পার থেকে রবিউল হাসান রবিন (৩৪) নামে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকেলে স্থানীয় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রবিন কুমিল্লার তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের সন্তান। তার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধের জেরে তাকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহতের শ্বশুর মো. রশিদ মিয়া জানান, মাত্র ১৫ দিন আগে রবিন বুকিত জলিলে নতুন কাজে যোগ দিয়ে শ্রমিকদের বেতন হিসাবের দায়িত্ব পান। এই পদোন্নতি নিয়ে অন্য শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। সেই আক্রোশ থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিনের স্ত্রী ফেরদৌসী আক্তার কান্নায় ভেঙে পড়ে জানান, গত সোমবার সকালে কাজে যাওয়ার পর থেকেই তার স্বামী নিখোঁজ ছিলেন। সহকর্মীদের অসংলগ্ন তথ্যে শুরু থেকেই সন্দেহ দানা বাঁধছিল।

তিন বছর আগে ভাগ্য বদলাতে প্রবাসে পাড়ি জমানো এই যুবক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে তিন সন্তানসহ পুরো পরিবার এখন দিশেহারা।

লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বড় ভাই খোকন। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান জানিয়েছেন, পরিবার আবেদন করলে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।