ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা সীমান্তে বিএসএফের গুলি, ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মোরসালিন। তিনি স্থানীয় ধ্বজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।

সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্তে বিএসএফের তৎপরতা বেড়ে যায় এবং এক পর্যায়ে তারা গুলিবর্ষণ শুরু করে। এতে মোরসালিন সরাসরি বিদ্ধ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানিয়েছেন, রাতে সীমান্তে এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সীমান্তে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।