ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছর পর চীন সফরে ট্রাম্প, বেইজিং যাচ্ছেন মাস্ক-টিম কুকও

দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মে) মেরিল্যান্ডের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুস থেকে তাকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ চীনের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে বিশ্বের দুই প্রধান অর্থনীতির দেশের টানাপোড়েন নিরসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হোয়াইট হাউস সূত্রের খবর, ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক, অ্যাপল সিইও টিম কুক এবং বোয়িং ও জিই অ্যারোস্পেসের শীর্ষ নির্বাহীরা। বড় করপোরেট নেতাদের এই উপস্থিতি বাণিজ্য যুদ্ধের বরফ গলার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছালে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেস সচিব অ্যানা কেলি। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৪ মে) শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। আলোচনার পর তিনি ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন এবং চীনা প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন।

উল্লেখ্য, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ ২০ শতাংশ বেড়ে যাওয়ায় বিপাকে রয়েছে বেইজিং। এই সংকট থেকে উত্তরণে যুদ্ধের অবসান চায় চীন। ট্রাম্প ও জিনপিংয়ের এই বৈঠক বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এখন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।