গাজীপুরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন ওই দুই যুবক। এসময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি চলে আসে। ধারণা করা হচ্ছে, অন্ধকারের কারণে তারা ট্রেনের উপস্থিতি টের পাননি এবং ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। রেললাইনে অসতর্কভাবে চলাচল ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বারবার সতর্ক করা হলেও এমন দুর্ঘটনা থামছে না বলে জানান তিনি।