ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনানী মেডিকেল কলেজে অনৈতিক কর্মকাণ্ড: ২ ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রাবাসে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। একই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত এক বহিরাগতসহ পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে। সাজাপ্রাপ্তদের মধ্যে দুজন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

শাস্তিপ্রাপ্তরা হলেন—আহসানুল ইসলাম চৌধুরী (৩৩তম ব্যাচ), মহিবুর রহমান নয়ন (৩৪তম ব্যাচ), রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি (৩৪তম ব্যাচ) এবং শাহরিয়ার পলক (৩৫তম ব্যাচ)। এর মধ্যে নয়ন ও রাব্বি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল রাতে হোস্টেলের পাশে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় শাহরিয়ার পলককে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাকিদের নাম উঠে আসে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিভিন্ন নিষিদ্ধ গ্রুপে যুক্ত থাকা এবং সহপাঠীদের আপত্তিকর ছবি ধারণ করে প্রচার করার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ১৫ দিনের সাজা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত না করতে আপাতত তাদের ছাত্রত্ব বহাল রাখা হয়েছে।