শরীয়তপুর জেলা শহরের পালং বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুটি মিষ্টান্ন ভাণ্ডারকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী। তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালং বাজারের গোপাল ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার ও হারুন ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্য বিক্রি, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়। এছাড়া খোলা পরিবেশে ও মাটির কাছাকাছি জায়গায় খাবার সংরক্ষণ করায় জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি পরিলক্ষিত হয়।
নিরাপদ খাদ্য আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় উভয় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। অভিযানে পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।