আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বাজেট প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দেন।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, মোটরসাইকেলের সিসিভেদে বার্ষিক ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে। ১১১ থেকে ১২৫ সিসির জন্য ১ হাজার, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৩ হাজার এবং এর ওপরের সিসির বাইকের জন্য ৫ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।
বিলাসবহুল গাড়ির ব্যবহারকারীদের জন্যও দুঃসংবাদ থাকছে নতুন বাজেটে। ৩,৫০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে একলাফে ১০ লাখ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সাধারণ ব্যবহারের ১,৫০০ সিসি পর্যন্ত গাড়ির বিদ্যমান কর অপরিবর্তিত থাকছে।
শহর ও গ্রামে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাও এবার করের জালে ফিরছে। সিটি কর্পোরেশনে চলাচলকারী অটোরিকশার জন্য বছরে ৫ হাজার, পৌরসভায় ২ হাজার এবং ইউনিয়ন পরিষদ এলাকায় ১ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে।
নিম্ন ও মধ্যবিত্তদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা থাকলেও তা পর্যায়ক্রমে ৪ লাখ টাকায় উন্নীত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের প্রস্তাবেও সম্মতি দিয়েছেন সরকারপ্রধান।
এনবিআর সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট পেশ করা হতে পারে। রাজস্ব বাড়াতে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বাড়ানোর পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে।