ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়নের নির্দেশ

রাজধানীর চিরচেনা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের লক্ষ্যে নীতিনির্ধারকদের সঙ্গে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকার সড়ক আধুনিকায়ন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তারেক রহমানের সভাপতিত্বে এটি ছিল যানজট নিরসন সংক্রান্ত দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক। সভায় নগরীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিকায়ন এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার মধ্যে কাজের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকার গণপরিবহন ব্যবস্থার সমন্বয় ও সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই সমন্বয় সভা রাজধানীর স্থবির হয়ে পড়া ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার করবে। দীর্ঘদিনের সিগন্যাল অচলাবস্থা কাটিয়ে ডিজিটাল ট্রাফিকিংয়ের দিকে যাওয়ার এটি একটি বড় পদক্ষেপ।

উল্লেখ্য, জনদুর্ভোগ কমাতে এবং নগরীর গতিশীলতা বাড়াতে সরকারের পক্ষ থেকে একাধিক মেগা প্রজেক্টের পাশাপাশি তাৎক্ষণিক ট্রাফিক ব্যবস্থার সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।