শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অবস্থানে নেমেছে সৌদি আরব। দেশজুড়ে চালানো বিশেষ অভিযানে আইন ভাঙার দায়ে ৭ হাজার ২০০-র বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১৫ মে) রিয়াদের অফিশিয়াল ডিক্রির বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো জানায়, অভিযুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সমস্ত সরকারি সেবা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সৌদির জাতীয় কর্মসংস্থান নীতি ‘নিতাকাত’ কর্মসূচি থেকেও এসব সংস্থাকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে।
স্মার্ট নজরদারি ব্যবস্থা ও বিশেষ তদারকি দলের যৌথ তৎপরতায় প্রায় ৯১ হাজার সন্দেহভাজন প্রতিষ্ঠানে আকস্মিক তল্লাশি চালানো হয়। এতে ১৩ হাজার ৫০৯টি অবৈধ কর্মসংস্থানের ঘটনা হাতেনাতে ধরা পড়ে।
২০২৬ সালের শুরু থেকে বেসরকারি খাতে চালানো এই চিরুনি অভিযানে এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার শ্রম আইন লঙ্ঘনের নজির মিলল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়োগকারী অফিসগুলোর বিরুদ্ধে ৩ হাজার৫২২টি জালিয়াতি মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্থাকে ২ লাখ ৩০ হাজার চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে রিয়াদ প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ গৃহকর্মী সেবার অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণার দায়ে ২৩৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধ সেলের অধীনে প্রায় ৫৪ হাজার ঘটনার ওপর গভীর নজরদারি ও আগাম তদন্ত চলছে।
নাগরিকদের কাছ থেকে আসা ১৫ হাজার ৫৬৩টি সরাসরি অভিযোগের মধ্যে ৯৭ শতাংশই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে নিষ্পত্তি করেছে সৌদির আইন প্রয়োগকারী সংস্থা।