কোনো সচ্ছল বা প্রভাবশালী ব্যক্তি যেন দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ফ্যামিলি কার্ড না পান, সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, আমাদের তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ও প্রতিশ্রুতি অনুযায়ী—গলায় স্বর্ণের চেইন পরা কোনো সচ্ছল মানুষ যেন ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
আজ রবিবার (১৭ মে) স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৬ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে আয়োজিত এক ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আয়োজন করে।
জয়নুল আবেদীন ফারুক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের কাছে কার্ডের মাধ্যমে পাওয়া আড়াই হাজার টাকা বা সুযোগ-সুবিধার চেয়ে বড় বিষয় হলো—জনপ্রতিনিধিরা তাদের দেওয়া প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন করছেন কি না। যোগ্য ও প্রকৃত অভাবী মানুষরাই যেন এই সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৩৮৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর হাতে উৎসবমুখর পরিবেশে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে তৃণমূলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। জেলা পুলিশ সুপারকে (এসপি) উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। অপরাধী যদি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত থাকে, তবে তাকেও কোনো ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও যোগ করেন, সমাজ থেকে ইয়াবা ব্যবসা, রাস্তায় নারীদের উত্ত্যক্ত করা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করতে পারলেই একজন পুলিশ সুপারের প্রকৃত পেশাগত সাফল্য প্রমাণিত হবে। মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা টি.এম মোশাররফ হোসেন, জে.এম মিজানুর রহমান, মুহসিয়া তাবাসসুম এবং নূর পেয়ারা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।