ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলি জহুরকে নিয়ে রাসেল মিয়ার ঈদ নাটক ‘আম্মাজান’

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ডলি জহুর ও তরুণ অভিনেতা রাসেল মিয়াকে এবার একসঙ্গে দেখা যাবে ঈদের বিশেষ একক নাটক ‘আম্মাজান’-এ। আবেগঘন এই নাটকের কাহিনী ও সংলাপ লিখেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। নাটকটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন।

ডলি জহুর ও রাসেল মিয়া—দুজনেরই পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। একই অঞ্চলের দুই প্রজন্মের এই দুই শিল্পী প্রথমবারের মতো মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নাটকটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ‘আম্মাজান’-এ মাকে হারিয়ে দিশেহারা এক সন্তানের হৃদয়ভাঙা অনুভূতি ও মায়ের প্রতি গভীর ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। পারিবারিক আবেগ, মমতা ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এ নাটক দর্শকদের হৃদয়ে বিশেষভাবে নাড়া দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাটকটি সম্পর্কে রাসেল মিয়া বলেন,
“‘আম্মাজান’ একটি নিখাদ পারিবারিক সেন্টিমেন্টের নাটক। আমার বিশ্বাস, গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, যিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, আমরা দুজনেই একই উপজেলা বাঞ্ছারামপুরের সন্তান।”
পরিচালক মাইনুল হাসান খোকন বলেন,
“রাসেল মিয়া ও ডলি জহুর আপা যখন একটি আবেগঘন দৃশ্যের শুটিং করছিলেন, তখন নির্মাতা হয়েও আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি নিশ্চিত, নাটকটি দর্শকদের মনে গভীর আবেগের সৃষ্টি করবে।”
জানা গেছে, আগামী পবিত্র ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। পরে নাটকটি ইউটিউবেও অবমুক্ত করা হবে।