ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব উড়িয়ে দিল ইরান

ওয়াশিংটনের নতুন প্রস্তাব ঘিরে ফের টানাপোড়েন ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধ থামানোর নামে চাপিয়ে দেওয়া শর্তে কোনো বাস্তব ছাড় নেই দাবি করে যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

রোববার (১৭ মে, ২০২৬) ইরানের একাধিক সংবাদমাধ্যমে তেহরানের এই অবস্থান প্রকাশ পায়। ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ইরানের জন্য মাত্র একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম মজুদ ওয়াশিংটনের কাছে হস্তান্তরের শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

প্রস্তাবে জব্দ করা ইরানি সম্পদের আংশিক ছাড় কিংবা ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতির কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো যুদ্ধ বন্ধের আলোচনাকেই নতুন শর্তের সঙ্গে বেঁধে দিয়েছে ওয়াশিংটন।

মেহর নিউজ এজেন্সি বলছে, যুদ্ধক্ষেত্রে যা অর্জন সম্ভব হয়নি, কূটনৈতিক চাপ দিয়ে সেটিই আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এতে শান্তি আলোচনা আরও অচলাবস্থায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

ইরানের সর্বশেষ প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছিল। এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং এপ্রিল থেকে ইরানি বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের দাবি তোলে তেহরান।

গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ইরান জানায়, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত না হলে আলোচনায় অগ্রগতি কঠিন হবে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করে দেশটি।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে রোববার যুক্তরাষ্ট্রকে প্রকাশ্য হুঁশিয়ারি দেন ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল-ফজল শেকারচি। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ইরানে ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে “অভূতপূর্ব ও বিধ্বংসী” প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাইও তেল অবকাঠামোতে হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন। তার ভাষ্য, ইরানের জ্বালানি স্থাপনায় আঘাত এলে পুরো অঞ্চলেই তেল সরবরাহ টালমাটাল হয়ে পড়বে এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র।