ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বিভাগেই ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী, বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড়সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালের দিকে আবহাওয়ার এই বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

সোমবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে দেওয়া এক পূর্বাভাসে তিনি এই তথ্য জানান।

পূর্বাভাস অনুযায়ী, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। বিশেষ করে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহের ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জেও ভোররাতের দিকে ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে।

এদিকে, ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সকাল ১০টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির দাপট দেখা যেতে পারে। একই সময়ের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও পার্বত্য জেলাগুলোতে এবং রংপুর ও বরিশাল বিভাগের কিছু অংশেও সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সবাইকে বজ্রপাতের সময় খোলা স্থানে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।