মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়াতে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের বিশেষ অনুরোধে ইরানের ওপর মঙ্গলবারের পরিকল্পিত নতুন সামরিক বিমান হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল’ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই নাটকীয় ঘোষণা দেন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের আরব মিত্রদের মধ্যস্থতায় এমন একটি কূটনৈতিক সমঝোতা তৈরি হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য খুবই গ্রহণযোগ্য ও সুবিধাজনক হবে। তিনি সাফ জানিয়ে দেন, “যেকোনো মূল্যে ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা হবে।” তবে তেহরান যদি চূড়ান্ত কোনো চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে মার্কিন সামরিক বাহিনী ‘যেকোনো মুহূর্তে’ ইরানের ওপর বড় পরিসরে অল-আউট হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
এদিকে ওয়াশিংটনের এই যুদ্ধংদেহী বার্তার জবাবে ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “হোয়াইট হাউজের উচিত হবে না কোনো ধরনের কৌশলগত ভুল সিদ্ধান্ত নেওয়া বা সামরিক হিসাব-নিকাশে ভুল করা।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-আমেরিকা যৌথ বাহিনীর মধ্যে তুমুল বিমান হামলা ও ড্রোন যুদ্ধ শুরু হয়। যার ফলে জ্বালানি তেলের বিশ্ববাজার ও বৈশ্বিক অর্থনীতিতে চরম অস্থিরতা দেখা দেয়। বিশ্ব বাজারে সরবরাহ করা মোট তেলের ২০ শতাংশ হরমুজ প্রণালির ওপর ইরানের কঠোর নিয়ন্ত্রণ থাকায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো ব্যাপক অর্থনৈতিক ও সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের তিন পরাশক্তি সৌদি, কাতার ও আমিরাতের যৌথ চাপের মুখে আপাতত এই রক্তক্ষয়ী হামলা স্থগিত করতে বাধ্য হলেন ট্রাম্প।