শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৌরসভার লোনসিং এলাকায় আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাদীপক্ষের দাবি, সিনিয়র সহকারী জজ আদালত, নড়িয়া-এ স্বত্ব ঘোষণা ও বণ্টন মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীপক্ষ তড়িঘড়ি করে জমিতে দেয়াল তোলা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
মামলার নথি অনুযায়ী, নড়িয়া উপজেলার লোনাসিং মৌজার আর.এস ১৮৭৮ ও ১৮৭৯ নম্বর খতিয়ানভুক্ত ২৫৭৭, ২৫৭৮, ২৫৮৫ ও ২৫৮৬ নম্বর দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব দাগের জমির মালিকানা ও অংশীদারিত্ব নিয়ে আদালতে স্বত্ব ঘোষণা ও বণ্টন মামলা বিচারাধীন রয়েছে।
মামলার নথি অনুযায়ী, বাদীপক্ষের মধ্যে রয়েছেন নালিনী বেগম, কামরুল হাওলাদার, লেবু হাওলাদার, ডালিয়া বেগম, শিরিন বেগম ও মোতালেব হাওলাদারসহ আরও কয়েকজন উত্তরাধিকারী। অন্যদিকে বিবাদীপক্ষ হিসেবে রয়েছেন আতাউর হাওলাদার, আবুল হাওলাদার, মোশারফ হাওলাদার, রানু আক্তার ও শাহিনাজ বেগমসহ সংশ্লিষ্ট কয়েকজন।
নড়িয়া উপজেলার লোনসিং মৌজার একাধিক আরএস খতিয়ান ও দাগভুক্ত জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। বাদীপক্ষের দাবি, পৈতৃক ও নিজস্ব রেকর্ডসূত্রে তারা জমির বৈধ অংশীদার হলেও বিবাদীপক্ষ তাদের অংশ স্বীকার করছে না এবং জমি বণ্টন ও দখল নিয়ে জটিলতা তৈরি করেছে।
বাদীপক্ষের একজন সদস্য পলি বেগম জানান, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে জমির রেকর্ড ও মালিকানা নিয়ে বিরোধ তৈরি করা হয়েছে। বাধ্য হয়েই আমরা আদালতের আশ্রয় নিয়েছি। আমরা আদালতের মাধ্যমে সঠিক বিচার ও আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।”
বিবাদী ইমাম হোসেন মুন্সীর স্ত্রী জানান, ‘আমরা আমাদের জায়গায় দেয়াল তুলতে গেলে তারা আমাদের বাঁধা দিয়েছে। শান্তি রক্ষায় আমরা কাজ বন্ধ রেখেছি। তাদের দাবী অযৌক্তিক।’