ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় সাবেক জামায়াত নেতা ও ভাই গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া প্রতারণা ও আত্মসাৎ মামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সাবেক নেতাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে গোসাইরহাট থানার এএসআই মো. তানভীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সামন্তসার ইউনিয়ন-এর লাকাচুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিজানুর রহমান এবং তার ভাই মো. নিসার উদ্দিন দুলাল। তারা মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে এবং লাকাচুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে, মিজানুর রহমান পূর্বে গোসাইরহাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া একটি প্রতারণা ও আত্মসাৎ মামলায় তারা অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা গোসাইরহাট এলাকায় অবস্থান করছেন এবং তাদের কাছে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল রয়েছে।
পরে মিরপুর মডেল থানার পক্ষ থেকে গোসাইরহাট থানায় অধিযাচন পত্র পাঠানো হলে তার ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় ঢাকা মেট্রো-ল-১৬-৮৪৩৩ নম্বরের মোটরসাইকেলটি জব্দ করে মামলার আলামত হিসেবে তালিকাভুক্ত করা হয়।
গোসাইরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দিন বলেন, “মিজানুর রহমান পূর্বে উপজেলা সেক্রেটারি ছিলেন, তবে বর্তমানে তিনি দলের কোনো পদে নেই। তার ভাই দুলাল জামায়াতের সক্রিয় কর্মী এবং সামন্তসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।”
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মামলার তদন্তকারী কর্মকর্তা গোসাইরহাট থানায় এসে গ্রেপ্তারকৃতদের বুঝে নেন।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “মিরপুর মডেল থানার একটি প্রতারণা ও আত্মসাৎ মামলার পরিপ্রেক্ষিতে অধিযাচন পত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে দুই আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।”