ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক কার্ডে মিলবে নানা সরকারি সুবিধা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস, শরীয়তপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর-এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল। তিনি সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, কৃষকদের জন্য সরকারের দেওয়া ভর্তুকি, কৃষি ঋণ ও প্রণোদনার সুবিধা আরও সহজ করতে কৃষক কার্ড চালু করা হচ্ছে। আগামী চার বছরে দেশের ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের পাশাপাশি মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরাও এ সুবিধার আওতায় আসবেন।

তিনি আরও জানান, প্রতিটি কৃষকের নামে সোনালী ব্যাংক-এ ব্যাংক হিসাব খোলা হবে এবং কৃষক কার্ডে ৪৫ ধরনের তথ্য সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে সরকারি সহায়তার অর্থ সরাসরি কৃষকের কাছে পৌঁছানো এবং কৃষি খাতে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা হবে।

সমাবেশে কৃষকদের আয়, জমির পরিমাণ ও আর্থিক অবস্থার ভিত্তিতে ক্ষুদ্র, ভূমিহীন, প্রান্তিক, মাঝারি ও সচ্ছল—এই পাঁচ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কৃষি ঋণ মওকুফ, খাল খনন, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধ, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও কৃষকদের অবহিত করা হয়।

জেলা তথ্য অফিসার শাহীন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার তাহমিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবিন হাসান শুভ, উপসহকারী কৃষি কর্মকর্তা কায়সার আহাম্মেদ এবং ভেদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিইএ মোঃ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কৃষি ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।