ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণকে কেন্দ্র করে রণক্ষেত্র চট্টগ্রাম: পুলিশ-জনতা সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ছয় ঘণ্টা ধরে চলেছে ভয়াবহ ধাওয়া-পাল্টাধাওয়া, অগ্নিকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনা। শুক্রবার (২২ মে) রাতে উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে এলাকাটি একপ্রকার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের একটি ভবনে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত মো. মনিরকে (৩২) স্থানীয়রা ধরে মাদ্রাসায় আটকে রাখলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে জনতা আসামিকে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়। “ধর্ষকের বিচার নিজেরা করব”—এমন দাবিতে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর দুই সাংবাদিক মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘ ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতি শেষে রাত ১০টার পর অতিরিক্ত পুলিশ ও র‍্যাব গিয়ে অভিযুক্ত মনিরকে হেফাজতে নেয়। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।