লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
সীমান্তে বিজিবি জওয়ানদের কঠোর তৎপরতার কারণে চোরাকারবারিদের একটি বড় দল পিছু হঠতে বাধ্য হয়। বিজিবি জানিয়েছে, কলসিমুখ বিওপির একটি বিশেষ দল রাতে ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। রাত আনুমানিক ২টার দিকে আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলারের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একদল সন্দেহভাজন মানুষকে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসতে দেখা যায়।
টহলদল তাদের থামার নির্দেশ দিলে তারা আইনপ্রয়োগকারী সংস্থার আদেশ অমান্য করে আরও ভেতরের দিকে অগ্রসর হতে থাকে। এতে সীমান্তে চরম উত্তেজনা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অনুপ্রবেশকারীদের সতর্ক করতে বিজিবি জওয়ানরা দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।
গুলির বিকট শব্দে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখেই কাঁটাতারের বেড়া টপকে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের দিকে ঢোকার চেষ্টা করছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সীমান্তে বর্তমানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।