কম্বোডিয়ার একটি কুখ্যাত অনলাইন স্ক্যাম সেন্টারে বন্দিদশা থেকে পালিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে প্রাণভিক্ষা চেয়েছেন এক বাংলাদেশি নারী। আকস্মিক এই ফোন কল পেয়ে মন্ত্রী তাৎক্ষণিক কূটনৈতিক চ্যানেল সচল করেন। ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতায় কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ওই নারীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাভেল পাসের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে আজ শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নথিসূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের আগস্ট মাসে একটি স্থানীয় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে উচ্চ বেতনে কম্পিউটার অপারেটরের চাকরি নিয়ে কম্বোডিয়া যান ৩৪ বছর বয়সী ওই নারী। তবে সেখানে পৌঁছানোর পরপরই মানবপাচারকারী চক্র তাঁর পাসপোর্ট কেড়ে নেয় এবং একটি সুরক্ষিত স্ক্যাম সেন্টারে বন্দি করে। চক্রটি তাঁকে দিয়ে জোরপূর্বক বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি, অনলাইন ভুয়া কল ও ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অবৈধ কাজ করাচ্ছিল। সেখানে বারবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
পরবর্তীতে গত ২০ মে সুকৌশলে ওই জালিয়াতি চক্রের চোখ ফাঁকি দিয়ে স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে একটি অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন তিনি। সেখান থেকেই সরাসরি প্রবাসী কল্যাণমন্ত্রীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে জীবন বাঁচানোর আকুতি জানান। কল পেয়েই মন্ত্রী ব্যাংকক দূতাবাসের শ্রম কাউন্সিলরকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভিডিও কলের মাধ্যমে তরুণীর নিখুঁত অবস্থান নিশ্চিত করার পর কম্বোডিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় নমপেন শহর থেকে তাঁকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
এদিকে ইরাকে কোম্পানির হাতে অবরুদ্ধ থাকা আরও সাত বাংলাদেশি কর্মীর পাসপোর্ট উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কল্যাণমন্ত্রীর কড়া নির্দেশনার পর দূতাবাসের কর্মকর্তারা ইরাকের সংশ্লিষ্ট কোম্পানিতে গিয়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে জব্দ রাখা ওই পাসপোর্টগুলো উদ্ধার করেন। এ ছাড়া ইরাকের বাগদাদে দালালের খপ্পরে পড়ে শারীরিক নির্যাতনের শিকার হওয়া রিজু মিয়া ও আইলান মিয়া নামের আরও দুই প্রবাসীকে উদ্ধার করে গত ৭ মে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মন্ত্রণালয়।