ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরইবির সদস্য আব্দুর রহিমের বিরুদ্ধে দুদকে অভিযোগ, সম্পদের পাহাড়

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চুক্তিভিত্তিক সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিপুল অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), আরইবি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ার পর বিভিন্ন সরকারি সংস্থা ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে।

রবিবার (২৪ মে) আরইবি ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে।

অভিযোগপত্র অনুযায়ী, আব্দুর রহিম মল্লিক স্বৈরাচারী শাসনের আমল থেকে শুরু করে দীর্ঘ সময় বিদ্যুৎ বিতরণের একক আধিপত্য ধরে রেখে বিপুল অর্থ হাতিয়েছেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরও তিনি একই লাভজনক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান, যা নিয়ে আরইবির ভেতর ও বাইরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, বেনামি ব্যবসায়িক অংশীদারিত্ব এবং স্বজনদের নামে কোটি কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে।

তদন্তকারীদের নজরদারিতে থাকা ব্যাংক হিসাবের তথ্যে দেখা গেছে, গত ১০ ফেব্রুয়ারি (২০২৬) তার স্ত্রী মোছাঃ নিজলুফা আক্তারের ব্র্যাক ব্যাংক হিসাবে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা জমা করা হয়। এ ছাড়া ২৩ ডিসেম্বর (২০২৫) এনআরবিসি ব্যাংকের তিনটি চেকে ২ কোটি ৬৫ লক্ষ টাকা মেসার্স অ্যাক্টিভ এন্টারপ্রাইজ নামের একটি বেনামি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়, যার প্রকৃত সুবিধাভোগী রহিম মল্লিক বলে অভিযোগে উল্লেখ আছে। ইস্টার্ন ব্যাংকেও তার নামে ৩০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের হদিস মিলেছে।

ব্যাংক জমার পাশাপাশি বসুন্ধরা, উত্তরা, টঙ্গী, ময়মনসিংহ ও টাঙ্গাইলে তার একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের সন্ধান পাওয়া গেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক সুবিধা নেওয়া এই কর্মকর্তার চুক্তিভিত্তিক পুনঃনিয়োগ বাতিলসহ সুশাসন নিশ্চিতের দাবি জোরালো হচ্ছে। ক্ষমতার পটপরিবর্তনের পর নতুন সরকারের শীর্ষ পর্যায়ে তদবির চালিয়ে পদ টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলেও আরইবি সংশ্লিষ্টরা জানিয়েছেন।