সমালোচকদের তীব্র আক্রমণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে ‘বোকা’ বলাটাই তার জন্য সবচেয়ে বড় অপমান। এর চেয়ে কেউ যদি তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করে, তাতেও তার কোনো আপত্তি নেই। শনিবার (২৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নিউইয়র্কে জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত সমর্থকদের এক বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। নিজের বুদ্ধিমত্তা ও মানসিক সক্ষমতা নিয়ে বিরোধীদের ক্রমাগত ট্রোলিংয়ের জবাবে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে গর্জে ওঠেন।
৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি মানুষের দেখা পাওয়া অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তিত্ব। ট্রাম্প বলেন, তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি ব্যক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এবং বিরোধীদের মুখ বন্ধ করতে একটি বিশেষ পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পরে তিনি চিকিৎসকের পরামর্শে ‘কগনিটিভ টেস্ট’ বা মানসিক সক্ষমতা যাচাইয়ের কঠিন পরীক্ষা দেন। ট্রাম্পের দাবি, তিনি সফলভাবে সেই পরীক্ষার জটিল ধাপগুলো পার করেছেন। এর আগেও ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি মার্কিন শীর্ষ পদে লড়াইয়ের আগে বারাক ওবামা বা জো বাইডেনের মতো নেতাদের কগনিটিভ পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত ছিল বলে খোঁচা দিয়েছিলেন।