আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটের লড়াই শুরুর আগেই চার প্রার্থীর পরিচালক পদে বসার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। শনিবার (২৩ মেই) নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা পর্যালোচনা করে এই সমীকরণ দেখা গেছে। আগামী ৭ জুন বিসিবির এই হাই-ভোল্টেজ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-১ এর অধীনে রংপুর থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছেন। এসব বিভাগে একক পদের বিপরীতে কোনো বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। একইভাবে ক্যাটাগরি-৩ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তার জয়ও সুনিশ্চিত।
এদিকে ঢাকা বিভাগের দুটি পদের বিপরীতে তিন প্রার্থীর মধ্যে জসিম উদ্দিন খসরুর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন। প্রস্তাবক ও সমর্থকের জাতীয় পরিচয়পত্র না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবারের আপিলে তিনি প্রার্থিতা ফিরে না পেলে এ বিভাগে সাইদ বিন জামান ও আব্দুল্লাহ আল ফুয়াদও বিনা ভোটে নির্বাচিত হবেন।
সবচেয়ে বড় উত্তেজনা অপেক্ষা করছে ক্লাব পাড়ার ক্যাটাগরি-২ আসনে। সেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে ফাহিম সিনহা, তামিম ইকবাল ও শানিয়ান তানিমসহ মোট ১৮ জন হেভিওয়েট প্রার্থী ভোটের মাঠে মুখোমুখি হচ্ছেন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও বহুমাত্রিক লড়াইয়ের আভাস পাওয়া গেছে। চূড়ান্তভাবে বৈধ ৩৩ প্রার্থীর মধ্য থেকে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে ২৩ জন পরিচালক, আর বাকি দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে।