ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা : হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

শুরু হলো মুসলিম উম্মাহর মহাসম্মিলন। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই ইহরাম পরিহিত লাখ লাখ মুসল্লি মিনার উদ্দেশে রওনা হন। আজ সোমবার (২৫ মে) সকাল থেকেই তাঁবুর শহর মিনা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৬ থেকে ১৮ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার এই পবিত্র আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন সাড়ে ৭৮ হাজার হজযাত্রী।

শরিয়তের নিয়ম মেনে আজ ৮ জিলহজ মিনায় অবস্থান করবেন বিশ্ব মুসলিমের এই প্রতিনিধিরা। সেখানে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে তারা পার করবেন প্রথম দিন। এরপরের গন্তব্য হজের মূল কেন্দ্রবিন্দু আরাফাতের প্রান্তর। আগামীকাল মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ সূর্যোদয়ের পর তারা মিনা থেকে আরাফাতের দিকে রওনা হবেন। এবারের হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান শেষে সূর্যাস্তের পর হাজিরা যাবেন মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে পরদিন ১০ জিলহজ সকালে ফের মিনায় ফিরবেন। বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডনের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল পর্ব। সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা।