ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিডিউল বিপর্যয় ও অতিরিক্ত ভাড়ার ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ

ঈদুল আজহার সরকারি ছুটির দ্বিতীয় দিনে প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো নগরবাসী।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ভোররাতের আকস্মিক বৃষ্টি, ট্রেন-বাসের শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল তিল ধারণের ঠাঁইহীন পরিস্থিতি। নিয়মের তোয়াক্কা না করে ট্রেনের ছাদে চড়েও অনেককে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে দেখা গেছে। সকাল সোয়া ৬টার নীলসাগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর সকাল ৮টায় স্টেশন ছাড়ে। স্টেশন ম্যানেজার কবীর উদ্দীন জানান, সকাল থেকে ২০টি ট্রেন ঢাকার বাইরে গেছে এবং সারাদিনে মোট ৬৮টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সড়কপথের তীব্র জট এড়াতে যারা রেলকে বেছে নিয়েছেন, তারা স্টেশনে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করছেন।

নদী ও সড়কপথের চিত্রও স্বস্তিদায়ক নয়। সদরঘাট টার্মিনালে যাত্রী বোঝাই করার পরও অনেক লঞ্চ সময়মতো ঘাট ছাড়ছে না বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে ঘাট কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অন্যদিকে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ভোররাতের বৃষ্টির কারণে কাদা-পানিতে নাকাল হন যাত্রীরা। দূরপাল্লার বাস সংকটের কারণে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখতে বাধ্য হন কাউন্টার সংশ্লিষ্টরা। সায়েদাবাদে অনেক বাস দুই ঘণ্টা বিলম্বে ছেড়েছে এবং ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। এত সব ঝক্কি-ঝামেলার পরও নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দই মুখ্য হয়ে উঠেছে বাড়িফেরা মানুষের চোখেমুখে।