ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত, হজের মূল রোকন পালন করছেন ১৫ লাখ হাজি

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ফরজ ‘ওকুফে আরাফা’ পালনের লক্ষ্যে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ সকাল থেকেই সেলাইবিহীন শুভ্র ইহরাম পরিহিত হাজিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এই পুণ্যভূমি। আকাশ-বাতাস কাঁপিয়ে লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’।

সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন মুসলিম হজে অংশ নিয়েছেন। যার মধ্যে বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৯ হাজার মুসল্লি। গত ৮ জিলহজ পবিত্র মিনায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করেন তারা। এরপর আজ ফজরের নামাজ আদায় করেই হাজিদের কাফেলা আরাফাতের ময়দানের দিকে রওনা হয়।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, ৯ জিলহজ দূপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান স্তম্ভ। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে জিকির, তাসবিহ এবং চোখের জলে আল্লাহর দরবারে গুনাহ মাফের আকুল প্রার্থনা জানাবেন। অনেকে ঐতিহাসিক জাবালে রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশে অবস্থান নিয়ে বিশেষ মোনাজাতে মশগুল রয়েছেন।

হাজিদের জানমালের নিরাপত্তা রক্ষায় নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। পুরো ময়দান জুড়ে ড্রোনের মাধ্যমে আকাশপথের নজরদারির পাশাপাশি মাটিতে মোতায়েন রয়েছে হাজার হাজার নিরাপত্তা কর্মী। তীব্র গরমের কথা মাথায় রেখে রাখা হয়েছে বিশেষ চিকিৎসাসেবা ও পানির ফোয়ারা।

এবারের হজের অন্যতম আকর্ষণ হলো আরাফাতের খুতবার অনুবাদ। বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক উপভাষাসহ বিশ্বের মোট ৫০টি ভাষায় এই খুতবা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে কর্র্তৃপক্ষ। এবার মসজিদে নববির সম্মানিত ইমাম শায়খ আলী আল-হুজাইফি আরাফাতের নামিরা মসজিদ থেকে এই ঐতিহাসিক খুতবা প্রদান করছেন। সূর্যাস্তের পর হাজিরা আরাফাত ছেড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন।