ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের তিন কর্মকর্তাকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। দুদকের মামলায় চার্জশিটভুক্ত হওয়ার পর দুই পরিচালককে বরখাস্ত করা হয়েছে, আরেক পরিচালকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে কোটি কোটি টাকার সম্পদের হিসাব। অভিযোগের কেন্দ্রে থাকা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, তৌফিকুল ইসলাম খান ও সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে পাসপোর্ট সংশ্লিষ্ট অনিয়ম ও ঘুষের সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয় ইতোমধ্যে আব্দুল্লাহ আল মামুন ও তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে। অন্যদিকে সাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তার স্ত্রী শায়লা আক্তারকেও আসামি করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেছেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহে দায়িত্ব পালনকালে সাইদুল ইসলাম ব্ল্যাংক পাসপোর্ট ও ভুয়া এনওসি ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে জরুরি পাসপোর্ট ইস্যু করতেন। এর মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধানে তার নামে ও বেনামে একাধিক জমি, ফ্ল্যাট, ফার্ম ও শিল্পকারখানার তথ্য উঠে এসেছে।
দুদকের তথ্যমতে, সাঁথিয়ায় পুকুর ও কৃষিজমি, কাশিয়ানিতে ভবন, নরসিংদীতে কারখানা, উত্তরায় প্লট ও ফ্ল্যাট, ধানমন্ডি ও মোহাম্মদপুরে একাধিক ফ্ল্যাটসহ প্রায় ৩০ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। মেঘনা নদীর তীরেও জমি কেনার অভিযোগ রয়েছে।
বর্তমানে সাইদুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। একইসঙ্গে তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধেও রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের তথ্য পেয়েছে অনুসন্ধান সংস্থা। এর মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, প্লট, দোকান এবং ব্যাংক এফডিআর।
সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগে ধারাবাহিক অনুসন্ধান শুরু করেছে দুদক। পাসপোর্ট অধিদপ্তরের এই অভিযোগ নতুন করে সরকারি সেবাখাতে নজরদারির প্রশ্ন সামনে এনেছে।