পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদজুড়ে মাঝারি মাত্রার ভূমিকম্পে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার কম্পনে জেলাম জেলায় একটি বাড়ি ধসে পড়ে আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নেন। কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর। জেলামের কয়েকটি এলাকায় সৃষ্টি হয় থমথমে পরিস্থিতি।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর ও ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জেলাম শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২ কিলোমিটার।
স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ির অংশ ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ইসলামাবাদ ছাড়াও লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা ও মান্দি বাহাউদ্দিনসহ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পাকিস্তান অন্যতম। দেশটিতে মাঝেমধ্যেই বিভিন্ন মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।