সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০টি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৩২ জন।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৭৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৪৮৫ শিশু। এছাড়া নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৩ জনে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ হাজার ৫৭৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় সবচেয়ে বিপর্য্যস্ত অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। এই অঞ্চলে এখন পর্যন্ত ২৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৩ জন।