মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদি নদীর শাখা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে বড় ভাটেরচর গ্রামের পাশের নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় জেলেরা সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক পরীক্ষায় নিহতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২২ বছর। তার পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।