দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার (২৯ মে) আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই সতর্কবার্তা দিয়েছেন। বিশেষ করে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গবেষকের তথ্যমতে, আজ বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে। এর আওতায় রয়েছে ঢাকা বিভাগের পদ্মা নদী সংলগ্ন জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলা।
রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। অবশিষ্ট জেলাগুলোতে বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে বৃষ্টি নামতে পারে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন তিনি।