টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মুকুট জিতল পিএসজি। শনিবার (৩০ মে) রাতে হাঙ্গেরির বুদাপেস্টে রোমাঞ্চে ঠাসা ফাইনালে ইংলিশ ক্লাবটিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেছে ফরাসি জায়ান্টরা।
২২ বছর পর প্রিমিয়ার লিগ জেতা গানার্সদের ঐতিহাসিক ‘ডাবল’ জয়ের স্বপ্ন ভেস্তে গেল শেষ মুহূর্তের পেনাল্টি ভাগ্যে।
নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্সেনালের এবেরেচি এজের মিসই শেষ পর্যন্ত আর্তেতার দলের জন্য কাল হয়ে দাঁড়ায়।
এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাই হার্ভেজের চমৎকার গোলে লিড নিয়েছিল আর্সেনাল। প্রথমার্ধে লিড ধরে রাখলেও বিরতির পর আক্রমণের গতি বাড়ায় পিএসজি। ম্যাচের ৬৫ মিনিটে ডি-বক্সে ফাউল থেকে পেনাল্টি পায় ফরাসি ক্লাবটি, যা থেকে গোল করে সমতা ফেরান উসমান দেম্বেলে।
এরপর আর্সেনাল পুরো ম্যাচ জুড়ে অতি-রক্ষণাত্মক ‘বাস পার্কিং’ কৌশল বেছে নিলে আর কোনো গোল হয়নি। ১২০ মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুটআউটে পিএসজির পক্ষে গনজালো রামোস ও আশরাফ হাকিমিরা লক্ষ্যভেদ করেন। গানার্স গোলরক্ষক ডেভিড রায়া একটি শট থামালেও শেষ রক্ষা হয়নি। ৫-৪ ব্যবধানের জয়ে টানা দ্বিতীয়বার ইউরোপসেরা হওয়ার বন্য উল্লাসে মাতে পিএসজি।