ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক: আবেগের বাইরে গিয়ে উচ্চশিক্ষার সংকট দেখা জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাম্প্রতিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা তৈরি করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে “কোচিং সেন্টার” বলে মন্তব্য করেন এবং নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা-সংস্কৃতির সঙ্গে তুলনা টানেন। বক্তব্যটি প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, সাবেক শিক্ষার্থী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

এই বিতর্কে শুরুতেই দুটি প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিবৃতিতে শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যকে “চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন” বলে উল্লেখ করেছে। বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রকাশনা, জাতীয় ইতিহাসে ভূমিকা এবং স্বাধীন বাংলাদেশের নানা গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা তুলে ধরা হয়। সাদা দলের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখলে ভুল হবে, বাংলাদেশের জাতীয় আত্মপরিচয়ের অংশ হিসেবেও দেখতে হবে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু তাদের বিবৃতিতে মন্তব্যটিকে “বাস্তবতা বিবর্জিত এবং অসদুদ্দেশ্য প্রণোদিত” বলে আখ্যা দিয়েছে। ডাকসু বলেছে, গবেষণা, শিক্ষক নিয়োগ, একাডেমিক পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু একটি ঐতিহাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেওয়া কোনো দায়িত্বশীল আচরণ নয়। বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তির কাজ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা, কোনো প্রতিষ্ঠানকে অবমাননা করা নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। ফেসবুকে দেয়া এক স্টেটাসে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নিম্নগামী হলেও গবেষণা ও সামগ্রিক ভূমিকার বিচারে নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ করে দেখা ভীষণ আপত্তিজনক। তার মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখনো যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক উপরে, আর নর্থ সাউথ ও ব্র্যাক এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি, তবে উন্নতি করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস ও সংগ্রামে তাৎপর্যপূর্ণ একটি নাম। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জাতীয় বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক গভীর। তাই এই প্রতিষ্ঠানকে নিয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য স্বাভাবিকভাবেই সংবেদনশীল প্রতিক্রিয়া তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডেইলি টাইমস অব বাংলাদেশ এর রিপোর্টার তৌফিক হোসাইন মবিন তার প্রতিক্রিয়ায় বলেন, ববি হাজ্জাজ যে অবস্থান ও পদমর্যাদায় আছেন, সেখান থেকে এমন বক্তব্য দেওয়া যায় না। তার মতে, নর্থ সাউথ বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা-ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরলভাবে তুলনীয় নয়।

তবে প্রতিক্রিয়ার আরেকটি দিকও গুরুত্বপূর্ণ। মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনসিয়েটিভ (এমআরডিআই) এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিজান আহমেদ জিম মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষেত্রেই বাস্তব সংকট আছে এবং কোচিং সেন্টার বা নির্দিষ্ট একাডেমিক কাঠামো নিয়ে ববি হাজ্জাজের বক্তব্যে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হয়নি। ইনডাস্ট্রি ইনসাইডার এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ সাইফুল ইসলামও বিষয়টিকে প্রতিষ্ঠানগত গর্বের জায়গা থেকে দেখেছেন। তার মতে, অনেক শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় অর্জন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়। ফলে সেই প্রতিষ্ঠানকে কেউ অবমাননাকর ভাষায় উল্লেখ করলে তা স্বাভাবিকভাবেই আবেগে আঘাত করে।

এই বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাগেরহাট জেলার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শেখ মো. রুবেলের বক্তব্য বিশেষভাবে প্রাসঙ্গিক। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বড় অংশ জাতীয় রাজনীতি, মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের চাপ, গবেষণার সীমিত সুযোগ এবং রাষ্ট্রীয় বরাদ্দের সংকটের মধ্যে কাজ করেন। গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনা নিয়ে প্রশ্ন তোলার আগে দেখতে হবে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোকে কতটা গবেষণাবান্ধব পরিবেশ দিয়েছে। অর্থাৎ শুধু শিক্ষক বা শিক্ষার্থীকে দায়ী করলেই হবে না; নীতিনির্ধারক, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ও সমানভাবে বিবেচনা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদ হাসান মৃধা বিষয়টিকে আরও বিস্তৃতভাবে দেখেছেন। তার মতে, সমস্যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়; বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার। তিনি প্রশ্ন তুলেছেন, যদি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যথেষ্ট গবেষণা-অর্থায়ন, আধুনিক ল্যাব, মেধাভিত্তিক নিয়োগ ও একাডেমিক স্বাধীনতা দেওয়া না হয়, তাহলে কেবল সমালোচনা করে কীভাবে মানোন্নয়ন সম্ভব? এই অবস্থান থেকে বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে “কোচিং সেন্টার” বলা যতটা সহজ, তাকে সত্যিকার গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দায়িত্ব নেওয়া ততটাই কঠিন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী আবু সায়েম আকাশ তার প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, অতীতের ব্যর্থতার কথা সবাই জানে; এখন দেখার বিষয় আগামী চার বছরে নীতিনির্ধারকেরা কী করেন। কারণ সমস্যার কথা বলা সহজ, কিন্তু সমাধানের দায়িত্ব নেওয়া কঠিন। এই বক্তব্যের ভেতরে একটি চরম রাজনৈতিক বার্তা আছে। ক্ষমতায় বা দায়িত্বে থাকা ব্যক্তির কাজ শুধু সমালোচনা করে ক্ষান্ত থাকা না; বরং নীতি, বাজেট, সংস্কার ও জবাবদিহির মাধ্যমে পরিবর্তন আনা।

ডাকসুর কবি জসিমউদ্দীন হল শাখার সাধারণ সম্পাদক মাসুম আবদুল্লাহ ও অনলাইন এক্টিভিস্ট ওবায়দুল্লাহ ওবায়েদের মতো অনেক নেটিজেন বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও দেখেছেন। তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের রাজনীতি নিয়ে যারা নিয়মিত সমালোচনা করেন, তারা অনেক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নিরপেক্ষতা বা বাজারভিত্তিক শিক্ষাব্যবস্থাকে আদর্শ হিসেবে উদাহরণ টানেন। কিন্তু বিশ্বাস করা জরুরি উচ্চশিক্ষা শুধু চাকরির প্রস্তুতি বা দক্ষতা তৈরির চর্চা নয়; এটি নাগরিক চেতনা, সমালোচনামূলক চিন্তা, গবেষণা ও সমাজ পরিবর্তনেরও ক্ষেত্র। তাই বিশ্ববিদ্যালয়কে নিছক বাজারযোগ্য দক্ষতার মানদণ্ডে বিচার করা বিপজ্জনক।

আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যের ভাষা ছিল বিতর্কিত এবং সংবেদনশীলতার ঘাটতি স্পষ্ট। কিন্তু এই বিতর্ক আমাদের সামনে উচ্চশিক্ষার কয়েকটি জরুরি প্রশ্নও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি তার ঐতিহাসিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণা-পরিবেশ পাচ্ছে? শিক্ষক নিয়োগ কতটা মেধাভিত্তিক? ছাত্ররাজনীতি কি একাডেমিক পরিবেশকে শক্তিশালী করছে, নাকি দুর্বল করছে? গবেষণার জন্য বাজেট, ল্যাব, আন্তর্জাতিক সহযোগিতা ও প্রশাসনিক স্বাধীনতা কি যথেষ্ট? এসব প্রশ্ন এড়িয়ে গেলে শুধু আবেগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করা যাবে না।

একটি জাতীয় প্রতিষ্ঠানকে ভালোবাসার অর্থ তার সব দুর্বলতা অস্বীকার করা নয়। আবার দুর্বলতা দেখানোর নামে তাকে অবমাননা করাও দায়িত্বশীলতার পরিচয় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমালোচনা হতে পারে, বরং হওয়া উচিত। কিন্তু সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক, সম্মানজনক এবং সমাধানমুখী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও রাষ্ট্র—সব পক্ষকেই আত্মসমালোচনার জায়গায় ফিরতে হবে।

সর্বোপরি, এই বিতর্ককে ব্যক্তিগত আক্রমণ বা রাজনৈতিক পাল্টা আক্রমণে সীমাবদ্ধ রাখলে ফায়দা নেই। বরং এটিকে উচ্চশিক্ষা সংস্কারের সুযোগ হিসেবে দেখা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আছে, অবদান আছে, গৌরব আছে। কিন্তু শুধু অতীতের গৌরব দিয়ে ভবিষ্যতের বিশ্ববিদ্যালয় তৈরি হয় না। দরকার গবেষণায় বিনিয়োগ, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, ছাত্ররাজনীতির সুস্থ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ এবং দায়িত্বশীল ভাষায় জনআলোচনা। আবেগ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করে, কিন্তু সংস্কারই সেই মর্যাদাকে টেকসই করে।

জোবায়ের আহম্মেদ
প্রভাষক
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
।