পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নড়িয়া উপজেলার দুস্থ, অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) ঈদের চতুর্থ দিন নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরণ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), সহকারী কমিশনার (ভূমি), শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে মানবিক সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নিতে সহায়তা করবে।