ইরানের নজিরবিহীন পাল্টা আঘাতের হুমকি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে পিছু হটেছে ইসরায়েল। সীমান্তজুড়ে যুদ্ধের মেঘ কিছুটা কাটলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মাঝপথ থেকে ফিরেছে ইসরায়েলি সেনা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় নিশ্চিত করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর অত্যন্ত জরুরি ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, বৈরুতের দিকে অগ্রসর হওয়া তেল আবিবের সামরিক বহরকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও একটি গোপন বোঝাপড়া সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি, যার ভিত্তিতে দুই পক্ষই সব ধরনের হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ বৈরুতের দাহিয়েহ এলাকায় নতুন করে বিধ্বংসী বিমান হামলার চূড়ান্ত প্রস্তুতি নিলে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এই সংঘাতের জেরে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
নেতানিয়াহুর এই যুদ্ধংদেহী ঘোষণার পর নড়েচড়ে বসে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। তেহরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বৈরুতে বোমাবর্ষণ করা হলে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের অনতিবিলম্বে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দেন, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি সব ফ্রন্টের জন্য সমভাবে প্রযোজ্য ছিল এবং বৈরুতে হামলা চালানো হলে তা পুরো আন্তর্জাতিক চুক্তি ভেঙে পড়ার কারণ হবে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘কান’ জানিয়েছে, ট্রাম্পের অতর্কিত ফোনকলের পরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈরুত ধ্বংসের পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হন।