শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়নে তিন বছরের এক কন্যাসন্তানকে পুকুরে গোসল করানোর ছলে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। দেওভোগ এলাকায় সোমবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে থাকা পঁয়ষট্টি বছর বয়সী অভিযুক্ত বৃদ্ধ হাসান মোল্লাকে জঙ্গল থেকে আটকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
পুকুরের অপর প্রান্তে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী গোসলের নামে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার দৃশ্য দেখে পরিবারকে জানান। ভুক্তভোগীর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্তানকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দেন। পরে গ্রামবাসী তাকে দেওভোগের একটি জঙ্গল থেকে খুঁজে বের করে ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
এই ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। শিশুটির বাবার দাবি, অভিযুক্ত ব্যক্তি পূর্বেও একই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন। অন্যদিকে অভিযুক্ত হাসান মোল্লা জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ফাঁসানোর দাবি করেছেন। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।